জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলা ও ভিসা প্রতারণার অভিযোগে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ভিসা প্রতারণায় ব্যবহৃত ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশ জানায় রোববার রাত ১০টা ৪৫ মিনিটে রংপুরের গঙ্গাচড়া মডেল থানার খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজারসংলগ্ন লালচাঁদপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তারা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের শিমুল ইসলাম ও উত্তর হাজীপুর ডাঙ্গাপাড়া গ্রামের লিটন কবির।
পুলিশ জানায় অভিযানের সময় তাঁরা স্থানীয় একটি চায়ের দোকানের সামনে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করছিলো। একই সঙ্গে তাঁদের কাছে ভিসা প্রতারণায় ব্যবহৃত কাগজপত্র পাওয়া যায়। পরে তাঁদের দেহ তল্লাশি করে শিমুল ইসলামের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম কার্ড ও ভিসা প্রতারণায় ব্যবহৃত ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়। লিটন কবিরের কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার একাধিক ওয়েবসাইট ও অ্যাপের তথ্য পাওয়া গেছে। পরে দুজনকে জব্দ করা আলামতসহ গঙ্গাচড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছেন মাদক, জুয়া, সন্ত্রাস দমন ও সম্মানিত নাগরিকগণের জানমালের নিরাপত্তায় রংপুর জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।

