কোনাজাল ঠেকাতে টাঙ্গুয়ার হাওরে কড়া অভিযান, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

0
কোনাজাল ঠেকাতে টাঙ্গুয়ার হাওরে কড়া অভিযান, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

সুনামগঞ্জ প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওরে অবৈধ কোনাজাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি কোনাজাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা কোনাজালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৫ অক্টোবর) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান।

অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭টি কোনাজাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্বে থাকা গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।

অভিযানকালে জেলেদের কোনাজালসহ অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গুয়ার হাওরের মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।