নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

0
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

আজকের ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জেএফকে বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. ইউনূসকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করছেন কয়েকজন ব্যক্তি। বিক্ষোভকারীরা তার দিকে তেড়ে এসে উচ্চস্বরে স্লোগান দেওয়ার পাশাপাশি নানা ধরনের ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেন।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়— “ইউ আর আ টেররিস্ট, ইউ কিল্ড বাংলাদেশিজ” (আপনি সন্ত্রাসী, আপনি বাংলাদেশিদের হত্যা করেছেন) এবং “হোয়াই ইউ কাম হিয়ার” (কেন এখানে এসেছেন?)।

পাশাপাশি ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ (আপনি গণতন্ত্র ধ্বংস করেছেন) স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার, সহিংসতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

ভিডিওতে দেখা যাওয়া বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসীকর্মী হিসেবে দাবি করা হলেও তাদের পরিচয় স্বাধীনভাবে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সফরসঙ্গীদের নিয়ে ড. ইউনূস দ্রুত স্থান ত্যাগ করেন।

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে লক্ষ্য করে বিক্ষোভের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরের সময়ও একই স্থানে আওয়ামী লীগ সমর্থক প্রবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।