গাজীপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে দেশে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে ক্ষমতাসীন দল বিএনপির কড়া সমালোচনা করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কী, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে তিনি তো বাংলাদেশের মানুষের ওপরে গুলি চালিয়ে পালিয়ে গেছেন। তাকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’
বর্তমান সরকার ও বিএনপির সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘গত ৮ মাসে আমরা দেখেছি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের গোপন সমঝোতা বা ‘কুসুম কুসুম পিরিতি’ হয়েছিল, এখন তা কোথায় গেল? আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে লক্ষ কোটি জনতা আপনাদের এই সিস্টেম আর মেনে নেবে না।’
নির্বাচনের সময়ের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘আমরা নির্বাচনের সময় বলেছিলাম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। কিন্তু আঁতাত করে এখন নিজেরাই গর্তে পড়েছেন। আমরা আবারও সতর্ক করে বলছি, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করবেন না। সামরিক বাহিনী, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি ও গার্মেন্টস খাতসহ সব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের সরাতে হবে। সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে আমরাই সেই দায়িত্ব নেবো।’
শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ ক্ষমতায় গিয়েও কেন শহীদ ওসমান হাদী হত্যার বিচার পিছিয়ে রাখা হয়েছে? বর্তমান সরকার বিচার করতে ব্যর্থ হলে আমরা ক্ষমতায় গিয়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবো।’
গাজীপুরের শ্রমজীবী মানুষের অধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিকদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের প্রধানমন্ত্রী। শ্রমিকদের রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। অভিযোগ উঠেছে, আপনি চাঁদাবাজি ও সিন্ডিকেট করার জন্য মালিকপক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন।’
জাতীয় ঐক্যের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কিসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে। আমরা কোনো গোলটেবিল বৈঠকে বিশ্বাসী নই; ঐক্য যদি হতে হয়, তবে তা রাজপথেই হতে হবে।’
ভারত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মোদি সরকারকে বলবো, আপনার মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হলে ভারতের অখণ্ডতাও হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশে শান্তি থাকলে ভারতেও শান্তি থাকবে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলতে দেওয়া হবে না।’
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় গাজীপুর মহানগর ও জেলা এনসিপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

