বাংলাদেশ প্রতিবেদক: পর্যটকদের জন্য সুখবর! কক্সবাজারের সঙ্গে রেলপথে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে এই ট্রেনের বর্ধিত সেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
নতুন এই সেবার ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেসের’ মতো বিরতিহীনভাবে চলবে না মহানগর এক্সপ্রেস। যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটি থামবে।
নতুন সময়সূচি অনুসারে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতির পর ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতির স্টেশনগুলো হলো—নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী জংশন/স্টেশন। তবে নতুন সময়সূচিতে কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি থাকছে না।
দীর্ঘ যাত্রায় যাত্রীদের আরাম নিশ্চিত করতে মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফলে যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ চলাচল করছে। এই সেবার সঙ্গে মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

