শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

0
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মাসুদ রানা রাব্বানী : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকাসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী শহরের রানীবাজার, অলকার মোড় ও অ্যারোহেড পূজামণ্ডপের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে। এর আওতায় রাজশাহী জেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ছয়টি পূজামণ্ডপসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা জোরদারে অধীনস্থ ১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। এ ছাড়া প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। টহল কার্যক্রমের সার্বিক তদারকিতে কমান্ডাররা ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।

বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন গুজবে কান না দেন কিংবা তথ্য যাচাই না করে কোনো কিছু প্রচার না করেন। পাশাপাশি কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে অনুরোধ জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।

সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিজিবি।