ফুলবাড়ীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন

0
ফুলবাড়ীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন

ফুলবাড়ী প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রবিবার (১ নভেম্বর) বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাসুম বিল্লাহ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

শোভাযাত্রা শেষে আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাসুম বিল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নজমুল হক নাজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরণ বর্মন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, আমরা করব জয় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, সহ সভাপতি মর্তুজান নাহার মিতু, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে সবুজ সাথী যুব উন্নয়ন ক্লাবের সহযোগিতায় মাছের পোনা অবমুক্ত ও যুবদের মাঝে ঋণ প্রদান, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ গাছে চারা বিতরণ করা হয়।

এ সময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধীজন উপস্থিত ছিলেন।