নড়াইলে প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: গ্রিল কেটে ঘরে ঢুকে ৯০ লাখ টাকার মালামাল লুট

0
নড়াইলে প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: গ্রিল কেটে ঘরে ঢুকে ৯০ লাখ টাকার মালামাল লুট

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌর শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এক প্রকৌশলীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার সমপরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

রোববার (১ নভেম্বর) ভোররাতে ওই এলাকার ভুক্তভোগী প্রকৌশলী মানিক বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে আজ সকালে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রকৌশলী মানিক বিশ্বাস পেশাগত কারণে ঢাকায় অবস্থান করলেও নড়াইলের গ্রামের বাড়িতে তাঁর বড় ভাই সমর কুমার বিশ্বাস বসবাস করেন। সম্প্রতি বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান থাকায় আত্মীয়স্বজনরা বেড়াতে এসেছিলেন। এ কারণে বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ জমা ছিল।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, ভোররাতে মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে নিচতলায় ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘুমন্ত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে ফেলে এবং পুরো বাড়িতে ত্রাসের রাজত্ব কায়েম করে।

ডাকাত দল আলমারি ও লকার ভেঙে প্রায় ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং একটি দামি ক্যামেরা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ৯০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভুক্তভোগী পরিবার। পরিবারের সদস্যরা জানান, অস্ত্রের মুখে জিম্মি থাকায় তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ডাকাত দল তাদের কাজ শেষ করে দ্রুত পালিয়ে যাওয়ার পর কোনোভাবে তারা নিজেদের মুক্ত করে প্রতিবেশীদের খবর দেন।

রোববার সকালে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। খুব দ্রুতই তদন্ত সম্পন্ন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এমন বড় ধরনের ডাকাতির ঘটনায় পুরো ভাদুলিডাঙ্গা এলাকাবাড়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।