তাহিরপুর প্রতিনিধি: সমবায় সদস্যদের দক্ষতা বৃদ্ধি,আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলা সমবায় কার্যালয়, তাহিরপুরের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়,সুনামগঞ্জের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের পরিচালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস রিপামনি দেবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমবায় অফিসার মাহিদুল ইসলাম ইকবাল।এ সময় বক্তব্য দেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদ।
প্রশিক্ষণে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্যদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি,আয়বর্ধক কর্মকাণ্ডের প্রসার,স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ সমবায়ের মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন,সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মূল লক্ষ্য বাস্তবায়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায় সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান,সমবায় সদস্যদের দক্ষ ও সচেতন করে গড়ে তোলার পাশাপাশি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

