কমলগঞ্জে জমি বিক্রির বিরোধে হামলায় যুবক নিহত, আটক ১

0
কমলগঞ্জে জমি বিক্রির বিরোধে হামলায় যুবক নিহত, আটক ১

কমলগঞ্জ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ময়নুল হককে আটক করেছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী রিপন আহমেদের জমি বিক্রির মধ্যস্থতা নিয়ে জহিরুলের সঙ্গে স্থানীয় তিন সহোদর মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুল হকের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে জহিরুলের ওপর হামলা চালানো হয়। বড় ভাইকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন ছোট ভাই জাহাঙ্গীরও। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

নিহতের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। তাঁর দাবি, হামলাকারীরা আগে থেকেই দা ও লাঠিসহ প্রস্তুত ছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ময়নুল হককে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহত জাহাঙ্গীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর ১৪ মাস বয়সী একটি সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।