পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব: লগি-বৈঠা নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণ

0
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব: লগি-বৈঠা নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দক্ষিণ টোল প্লাজার সামনে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে তণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একাধিক ট্রাকে ভাঙচুর চালানো হয়। টানা প্রায় এক ঘণ্টা টোল আদায় ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সেতু ও এক্সপ্রেসওয়েজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজট ও যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত দেড়টার দিকে প্রায় ৭০০ থেকে ৮০০ লোক চারদিক থেকে নাওডোবা এলাকায় জড়ো হতে শুরু করে। তাদের হাতে লগি-বৈঠা ও লাঠিসোটা ছিল। এরপর তারা একযোগে এক্সপ্রেসওয়ের ওপর অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে। টোল প্লাজা সংলগ্ন এলাকায় আতঙ্ক তৈরি করতে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা। এ সময় সড়কে অপেক্ষমাণ দুটি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার বেশ কয়েকটি দৃশ্য ও সরাসরি সম্প্রচার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার একটিতে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বিএনপির কর্মসূচির বিপরীতে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা যায়। এ ছাড়া শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের আইডি থেকেও লাইভ সম্প্রচার করা হয় বলে জানা যায়।

কৌশলগত ও অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় (যেখানে পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সার্ভিস এরিয়া অবস্থিত) নৈশকালীন অবরোধের খবর পেয়ে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা এবং শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান ও স্থানীয় পুলিশ জানায়, প্রায় এক ঘণ্টা অবরোধের পর যৌথ অভিযানের মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং রাত আড়াইটার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই শরীয়তপুর জেলা পুলিশ নজরদারি বাড়িয়েছিল। সোমবার সন্ধ্যার দিকে নাওডোবা এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পুলিশ ৫ শত প্যাকেট খিচুড়ি জব্দ করে, যা বিক্ষোভকারীদের জন্য তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একই দিন সন্ধ্যায় বিএনপি ও যুবদলের পক্ষ থেকেও এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কে বা কারা এই নৈশ আক্রমণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনের মূল ইন্ধনদাতা ছিল, তা সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।