আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ: নজরদারিতে চট্টগ্রাম আরআরএফ-এর এসপি, জব্দ দুটি মুঠোফোন

0
আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ: নজরদারিতে চট্টগ্রাম আরআরএফ-এর এসপি, জব্দ দুটি মুঠোফোন

চট্টগ্রাম প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর ও প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একইসঙ্গে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে।

বর্তমানে আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বরত এই কর্মকর্তাকে নিয়ে পুলিশের অভ্যন্তরে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লেও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছেন।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগের একটি সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে পাঠান রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। সেখানে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মুঠোফোনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের প্রাথমিক আলামত পাওয়া যায়। এর পরপরই তার দাপ্তরিক ও ব্যক্তিগত ফোন দুটি জব্দ করা হয়।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পুলিশ সদর দপ্তর তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে এসপি জাহাংগীর আলমকে আটক করা হয়েছে বলে পুলিশ সদস্যদের মধ্যে গুঞ্জন ছড়ালে বিষয়টি স্পষ্ট করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, ‘তাকে আটক করা হয়নি। প্রশাসনিক কিছু বিষয়ে অভিযোগ আসায় তাকে ডেকে জানতে চাওয়া হয়েছিল এবং তার মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। তদন্তাধীন বিষয় হওয়ায় এর বেশি কিছু বলা সমীচীন হবে না।’

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম জানান, মঙ্গলবার জাহাংগীর আলমকে কার্যালয়ে ডাকা হলেও সেটিকে আনুষ্ঠানিক আটক বা জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তিনি বলেন, ‘জব্দ করা মুঠোফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। ফরেনসিক প্রতিবেদন হাতে এলে এবং কোনো বার্তা আদান-প্রদানের চূড়ান্ত প্রমাণ মিললে সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাংগীর আলমকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি নিয়মিত অফিস করছেন। তবে সার্বক্ষণিক তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময়েও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

এসব অভিযোগের বিষয়ে এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের ব্যক্তিগত বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার দুটি মুঠোফোন জব্দ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।