বেসরকারি স্কুলে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল

0
বেসরকারি স্কুলে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকা ও প্রতিষ্ঠানভেদে সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় ও বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এই নতুন নির্দেশনা জারি করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ সর্বোচ্চ ভর্তি ফি ৫০০ টাকা এবং ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু ইংরেজি সংস্করণ (ইংলিশ ভার্সন) প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বাইরে এক টাকাও অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

মফস্বল এলাকা ৫০০ টাকা সেশন চার্জসহ সর্বসাকুল্যে নির্ধারিত

উপজেলা পৌর এলাকা ১,০০০ টাকা নির্ধারিত ফির বাইরে কোনো চার্জ নেওয়া যাবে না

জেলা সদর পৌর এলাকা ২,০০০ টাকা সেশন চার্জসহ সর্বোচ্চ সীমা

অন্যান্য মহানগর (ঢাকা ব্যতীত) ৩,০০০ টাকা বিভাগীয় ও অন্যান্য মহানগরীর জন্য প্রযোজ্য

ঢাকা মহানগরী (এমপিওভুক্ত) ৫,০০০ টাকা পূর্ণাঙ্গ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য

ঢাকা মহানগরী (আংশিক ও নন-এমপিও) ৮,০০০ টাকা, উন্নয়ন ও শিক্ষকদের বেতন-ভাতা বাবদ অন্তর্ভুক্ত

ঢাকা মহানগরী (ইংরেজি সংস্করণ)১০,০০০ টাকা, উন্নয়ন খাতে ৩,০০০ টাকার বেশি আদায় করা যাবে না

নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে তাদের কাছ থেকে কেবল নির্ধারিত বার্ষিক সেশন চার্জ আদায় করা যাবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের কাছ থেকে ‘পুনঃভর্তি ফি’ (রি-অ্যাডমিশন ফি) নেওয়া যাবে না।

ভর্তি মৌসুমে অভিভাবকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো প্রতিষ্ঠান উন্নয়ন ফি, রশিদ ছাড়া অর্থ বা অন্য কোনো নামে অতিরিক্ত টাকা আদায় করলে এবং তদন্তে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও প্রধানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, প্রতিবারের মতো এবারও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতেই ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে ভর্তি পরীক্ষা নিতে পারবে না। এছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত কোটা এবং ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাবিদ ও অভিভাবক ফোরামের নেতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মাঠ পর্যায়ে এই নীতিমালার কঠোর তদারকি নিশ্চিত করা গেলে ভর্তি মৌসুমে অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি ও আর্থিক চাপ যেমন কমবে, তেমনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরে আসবে।