আন্তর্জাতিক ডেস্ক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পর্দার আড়ালে জোর তৎপরতা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে গত কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে নেপথ্যে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি।
প্রতিবেদন অনুযায়ী, যেভাবে সামরিক উড়োজাহাজে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁকে ফেরত পাঠাতে চায় ভারত। পাশাপাশি তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার শুরুর নিশ্চয়তাও চাইছে দিল্লি। তবে শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবিসির এই প্রতিবেদনের শর্তাবলি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টিকে ‘আইনি প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন।
দিল্লির সম্মতি ও তৃতীয় দেশে পাঠানোর ব্যর্থ চেষ্টা
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেননি; বরং উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই ঘোষণা এসেছে। দিল্লির নীতি-নির্ধারকদের মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়া ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। এতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়ছে ভারত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত চেয়েছিল শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লি একাধিকবার যোগাযোগ করলেও তা সফল হয়নি। ফলে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার চেষ্টাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ বলে মনে করছে ভারত। আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের জন্য আয়োজিত নিয়মিত ‘ডিব্রিফিং’ সেশনগুলোতে ভারতের এই মনোভাব শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছিল।
প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখার কারণ
২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক বার্তার (নোট ভার্বাল) মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল বাংলাদেশ সরকার। একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি।
ভারতীয় পর্যবেক্ষকদের বরাতে বিবিসি জানায়, শেখ হাসিনাকে দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধু হিসেবে দেখে ভারত। তাঁকে সাধারণ বন্দির মতো ‘হাতকড়া পরিয়ে’ বা সাধারণ বিমানে তুলে দিলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর মিত্র রাজনীতিকদের কাছে ভারতের বিশ্বস্ততা নিয়ে নেতিবাচক বার্তা যেতে পারে বলে দিল্লি মনে করে।
দিল্লির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারত দুটি প্রধান শর্ত সামনে এনেছে।
২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, সেভাবেই তাঁকে ফিরিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিতে পারে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে সুষ্ঠু বিচার শুরুর নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। পাশাপাশি পুরো বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে হোক, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, “আমরা কখনোই জেনেবুঝে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা ও পর্দার আড়ালের তৎপরতা
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সমন্বয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে দিল্লি। গত অক্টোবরের প্রথম সপ্তাহে (৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি যান। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরপরই দিল্লিতে গিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র বিবিসিকে জানায়, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া হাইকমিশনারের দিল্লিতে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার কথা নয়। মূলত শেখ হাসিনার দেশে ফেরা এবং প্রত্যাবর্তনের পর বাংলাদেশে তাঁর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী যাতে গ্রহণ করে, সেই সমন্বয় নিশ্চিত করতেই এই বৈঠক হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের নিয়মিত যোগাযোগকে কাজে লাগাতে চাইছে দিল্লি।
ডিসেম্বরে ফেরা কতটা সম্ভব ও দিল্লির কৌশলগত লাভ
আগামী ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে খোদ দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে। ভারতীয় কর্মকর্তাদের ধারণা, জ্বালানি সংকট ও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভসহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে থাকা বর্তমান বাংলাদেশ সরকার মুখে ফেরত চাইলেও বাস্তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা করছে। এ ছাড়া শর্তাবলি পূরণ ও নিরাপত্তার মতো জটিল বিষয়গুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তবে পর্যবেক্ষকদের মতে, ডিসেম্বরে ফেরা সম্ভব না হলেও এই ঘোষণা দিল্লি ও আওয়ামী লীগের জন্য কৌশলগতভাবে লাভজনক। সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, “শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলেও আমরা অন্তত বলতে পারব যে, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন—কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।” পাশাপাশি এই ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাংগঠনিকভাবে উজ্জীবিত হয়েছেন বলে মনে করছে দিল্লি।
বিবিসি বাংলা অবলম্বনে

