মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: আইনমন্ত্রী

0
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিল করার কোনো আইনি সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আইনেই নির্ধারিত সময়ের পর পলাতক আসামির আপিলের পথ রুদ্ধ রাখা হয়েছে। ফলে দেশে ফিরতে হলে তাকে বিদ্যমান আইন মেনেই ফিরতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে। সেই সময়সীমা অতিক্রম করলে প্রচলিত আইন অনুযায়ী আর আপিল করার কোনো সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার আমলেই প্রণীত আইন এবং এই আইনের বিধান দেশের সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।”

আইনজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিস্তারিত বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে অবশ্যই আপিল দায়ের করতে হবে; নির্ধারিত এই সময় পার হয়ে গেলে আর আপিল গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য, ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটিতে এই সময়সীমার বিধান যুক্ত করা হয়েছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ও রায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে দায়ী করা হয়। পাশাপাশি রায়ে দণ্ডিতদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আসামিপক্ষের আপিলের জন্য আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ দিনের সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নির্ধারিত সেই সময়ের মধ্যে আদালতে আত্মসমর্পণ বা কোনো আপিল দায়ের করেননি। ফলে আইনিভাবে তার আপিলের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

এর আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আপিল করা হলে ‘বিলম্ব মার্জনা’র বিষয়টি আপিল বিভাগ বিবেচনা করবেন কি না, তা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও একই সুরে জানিয়েছেন, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ স্থায়ীভাবে শেষ হয়ে গেছে।