সিডরের ১৯ বছর: আতঙ্ক কাটেনি উপকূলবাসীর, ৩০০ কোটির বাঁধেও ঝুঁকির মুখে বাগেরহাট ও বরগুনা

0
সিডরের ১৯ বছর: আতঙ্ক কাটেনি উপকূলবাসীর, ৩০০ কোটির বাঁধেও ঝুঁকির মুখে বাগেরহাট ও বরগুনা

সাইফুল ইসলাম কবিরঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুক চিরে বয়ে চলা উপকূলীয় জনপদে প্রলয়ংকরী সুপার সাইক্লোন সিডরের ১৯ বছর পূর্ণ হলেও কাটেনি মানুষের বুকভাঙ্গা আতঙ্ক। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই কালরাতে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাস বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ এবং বরগুনার উপকূলকে তছনছ করে দিয়েছিল। স্বজন হারানোর বেদনার পাশাপাশি আজও নদীর করাল গ্রাস আর ভঙ্গুর বেড়িবাঁধের ভাঙন আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন লাখো উপকূলবাসী।

২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যার পর থেকে উপকূলে বাড়তে থাকে বাতাসের তাণ্ডব। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে যুক্ত হয় প্রলয়ংকরী জলোচ্ছ্বাস। মুহূর্তেই ভেঙে পড়ে দুর্বল বেড়িবাঁধ। বলেশ্বর নদের উত্তাল পানি ঢুকে পড়ে শরণখোলার বিস্তীর্ণ জনপদে। ঘরবাড়ি, গাছপালা, ফসলের মাঠ ও মাছের ঘের ভাসিয়ে নিয়ে যায় সেই জোয়ার। বহু মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগটুকুও পাননি।

সরকারি হিসাব অনুযায়ী, সিডরে উপকূলীয় অঞ্চলে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে শুধু বরগুনাতেই মারা যান ১ হাজার ৫০১ জন এবং শরণখোলায় ৯০৮ জন। তবে স্থানীয়দের দাবি, দুবলার চরের শুঁটকি পল্লির নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করলে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ৩৮৬ জনের প্রাণহানির পাশাপাশি ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল।

প্রতিবছর ১৫ নভেম্বর এলে শরণখোলার বগী গ্রামের সোলায়মান খান, সাউথখালীর মালেকা বেগম কিংবা বরগুনার আমতলীর আমেনা বেগমের মতো স্বজনহারা মানুষদের মনে ভেসে ওঠে সেই ভয়াল রাতের স্মৃতি। নিখোঁজ স্বামী বা সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় আজও চোখের জল ফেলেন অনেকে। আমতলীর ঘটখালী গ্রামের ১০ জন দিনমজুর ট্রলারসহ সুন্দরবনের দুবলার চর থেকে নিখোঁজ হন, যাদের লাশ বা খোঁজ আর কখনো মেলেনি।

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৬ সালে ৩৫/১ পোল্ডারের প্রায় ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (সিইআইপি)’ আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে কাজটি পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই। নানা জটিলতা পেরিয়ে ২০২৩ সালে কাজ শেষ হলেও স্থানীয়দের অভিযোগ— নিম্নমানের কাজ ও নদীশাসনের অভাবে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ও ধস।

বলেশ্বর নদের তীব্র স্রোতে বাঁধের গোড়ার মাটি সরে যাওয়ায় সামান্য ঝড়ের পূর্বাভাসেও আতঙ্কিত হয়ে পড়েন নদীতীরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, নদীভাঙন ঠেকাতে সাউথখালীর গাবতলা ও বগী এলাকায় জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে। তবে স্থায়ী সুরক্ষার জন্য আরও প্রায় ৫০০ কোটি টাকার নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

১৯ বছর পেরিয়ে গেলেও শরণখোলা ও বরগুনার উপকূলবাসীর প্রধান প্রশ্ন একটাই—এত প্রাণহানি আর শত শত কোটি টাকা ব্যয়ের পরও কি তারা সত্যিকারের নিরাপত্তা পাবেন? প্রলয়ংকরী সিডরের স্মৃতির স্মরণে মিলাদ, দোয়া ও শোক র‍্যালির মাধ্যমে নিহতদের স্মরণ করা হলেও উপকূলের মানুষের টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী নদীশাসনের দাবি আজও অপূর্ণ রয়ে গেছে।