
বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘ দুই দশক বা প্রায় ২০ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।
গতকাল শনিবার রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্রীড়া সংস্থার মোট ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটির ৩১টি পদের মধ্যে ২৭টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্ধারিত হয়।
সহসভাপতি ও সংরক্ষিত পদ: একক প্রার্থী থাকায় সহসভাপতি পদে উপাধ্যক্ষ হাসিবুর রহমানসহ চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী।
অন্যান্য শীর্ষ পদসমূহ: অতিরিক্ত সাধারণ সম্পাদক: শেখ মো. আশিকুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন
কোষাধ্যক্ষ: এম এ সালাম (জেলা বিএনপির সাবেক সভাপতি)
নির্বাহী সদস্য পদে বিজয়ী যারা: আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, শেখ শাহেদ আলী আবিদ, সুমন পাইক এবং সৈয়দ মোস্তফা আল মামুন।
সংরক্ষিত নারী নির্বাহী সদস্য: শাহিদা আক্তার ও নার্গিস আরা।
নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন জানান, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। এরপর দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নানা জটিলতায় নির্বাচন বন্ধ ছিল। দীর্ঘ সময় পর এবার অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদী ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে।
