
বাংলাদেশ প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা এবং ‘জান বাজি রেখে মাঠে নামার’ গোপন পরিকল্পনার বার্তা আদান-প্রদানের চাঞ্চল্যকর তথ্য মিলেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে। এমন গুরুতর রাষ্ট্রবিরোধী তৎপরতা ও তথ্য পাচারের অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের নেপথ্যের এসব চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।
বার্তার বিষয়বস্তু উল্লেখ করে ডিআইজি বলেন, ‘আমরা তার ফোনে দুটি বড় ও গুরুতর বার্তা পেয়েছি, যা মামলার এজাহারেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম বার্তাটি হলো—আগামী ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। আর দ্বিতীয়টি হলো—ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’
পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথিত পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর আলম।
কীভাবে এই গোপন তৎপরতা উদ্ঘাটিত হলো—সে প্রসঙ্গে রেঞ্জ ডিআইজি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে প্রাথমিক তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) এসপি জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
ফরেনসিক পরীক্ষায় ডিজিটাল যোগাযোগ ও তথ্য পাচারের অকাট্য প্রমাণ মেলার পরপরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি করে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়। এরপর শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই শনিবার দিনগত রাতে নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্স অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত ফৌজদারি মামলার পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) এবং বিভাগীয় মামলা করার বিষয়টি চূড়ান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
পুলিশ বাহিনীর অন্য কোনো কর্মকর্তা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘মাত্র দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই ত্বরিত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—উভয় প্রক্রিয়ায় নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন।
সংশ্লিষ্ট মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা রাষ্ট্রবিরোধী চক্রের বিরুদ্ধে এটি প্রশাসনের একটি বড় ও কঠোর পদক্ষেপ। উল্লেখ্য, এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল এবং গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
