ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার ভোরে মহাসড়কের বাথুলি স্কেল এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে ৫ দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন—ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, বাথুলী এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা এবং ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী গোপনে জড়ো হয়ে ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের বেশ কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। পরে তাদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪টি অবিস্ফোরিত ককটেল এবং ৩টি ভয়াবহ পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ‘ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের এলাকায় জানমালের ক্ষতি সাধন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য সহযোগীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

