‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদের স্ট্যাটাস ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

0
‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন, সব ঠিক করে দিচ্ছি’: আসিফ মাহমুদের স্ট্যাটাস ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও মুখপাত্র এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরপর দুটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বিকেলে দেশের বর্তমান নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতি ইঙ্গিত করে আসিফ মাহমুদ তার প্রথম স্ট্যাটাসে লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

প্রথম পোস্টটি মুহূর্তেই ভাইরাল হওয়ার পর তিনি আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করে এই দায়িত্ব দেওয়া সম্ভব না হলে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে যেন এই দায়িত্ব দেওয়া হয়। আসিফ মাহমুদের দাবি, জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান পরিস্থিতি শতগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আসিফ মাহমুদের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার পোস্টগুলোর মন্তব্যের ঘরে সমর্থকদের পাশাপাশি সমালোচকদেরও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অতীত কার্যকাল নিয়ে প্রশ্ন: সমালোচকদের অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারে তার ১৮ মাসের দায়িত্বকালীন সময়ের সাফল্য ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’

কটাক্ষ ও বিদ্রূপ: গোপালগঞ্জের একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ টেনে আরেক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’ এছাড়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম প্রস্তাব করা নিয়েও অনেকে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গত ১০ ও ১১ নভেম্বর জাতীয় সংসদেও উত্তপ্ত আলোচনা হয়। এই অস্থিতিশীল পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার মধ্যেই আসিফ মাহমুদের এমন মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।