আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ত্রয়োদশ জাতীয় সংসদীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: ত্রয়োদশ জাতীয় সংসদীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যের বাইরে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের নীতিগত নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন,সংসদ সদস্য শিরীন সুলতানা

এছাড়াও বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বৈঠকে একটি বড় উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং (সীমান্ত বেড়া) নির্মাণ ও আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নির্মূলের কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সুপারিশ পেশ করেন:

মাদকের উৎস নির্মূল ও আর্থিক নেটওয়ার্ক ভাঙার তাগিদ: কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অবৈধ অর্থের প্রবাহ খুঁজে বের করে তদন্ত করার সুপারিশ করেন তিনি।

সামাজিক আন্দোলনের ডাক: জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন যে, শুধু প্রশাসনিক বা একক বাহিনীর মাধ্যমে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে সর্বাগ্রে একটি জোরালো সামাজিক বিপ্লব ও সমন্বিত জাতীয় উদ্যোগ গড়ে তুলতে হবে।

সীমান্তে প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের ওপর জোর: আরেক হুইপ রকিবুল ইসলাম উন্নত বিশ্বের আদলে দেশের সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা কার্যক্রমে ড্রোন সার্ভেইল্যান্সের (ড্রোন নজরদারি) কার্যকারিতা বহুগুণ বাড়ানোর সুপারিশ করেন।

সমন্বিত নজরদারি ও আর্থিক বরাদ্দ: মাদক সংক্রান্ত অপরাধ শিকড় থেকে উৎপাটিত করতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমান্ত রুটগুলো চিহ্নিত করে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ ও সমন্বিত নজরদারি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।