পাল্টা কর্মসূচি বা ‘পাহারা’ নয়, বিজয়ের মাসে স্বতন্ত্র কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি

0
পাল্টা কর্মসূচি বা ‘পাহারা’ নয়, বিজয়ের মাসে স্বতন্ত্র কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো রাজনৈতিক পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় ‘সতর্ক পাহারা’র বদলে নিজস্ব ও স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে তিনি এই দিকনির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে মূল দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। একই সঙ্গে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজ নিজ উদ্যোগে আলাদা কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি এখন সরকার পরিচালনার পাশাপাশি দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল ও চাঙা রাখতে চায়।

বৈঠক সূত্রমতে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, তাদের গৃহীত কোনো কর্মসূচিই অন্য কোনো দলের পাল্টা কর্মসূচি হিসেবে বিবেচিত হবে না। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে পাড়া-মহল্লায় যেভাবে ‘সতর্ক পাহারা’ বসানো হতো, বিএনপি তেমন কোনো নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতিতে যাবে না। এর পরিবর্তে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং বিজয়ের মাস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক ধারায় রাজপথে সক্রিয় থাকবে দলটি।

আলোচনাকালে নেতাদের কেউ কেউ গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ নিয়ে দলীয়ভাবে আলাদা কোনো উত্তেজনার প্রয়োজন নেই।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “এটি নিয়মিত সাংগঠনিক আলোচনার অংশ, বিশেষ কিছু নয়। প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরে আমরা যে ধরনের স্বাভাবিক ও ঐতিহ্যবাহী কর্মসূচি পালন করি, এবারও তেমন কর্মসূচিই থাকবে।”

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স এবং আবদুস সালাম। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।