বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন ও রদবদলের পাশাপাশি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেনা আইন অনুযায়ী বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনীর উচ্চপদস্থ স্বামী-স্ত্রী জুনিয়র ও সিনিয়র দুই কর্মকর্তাকে। ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে, যেখানে ৭ জন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি ৩ জন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে গত ১২ নভেম্বর জারি করা পৃথক দুটি আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেলে তাদের বরখাস্তের আদেশ কার্যকর হবে। এর মাধ্যমে তাদের দীর্ঘ সামরিক জীবনের অবসান ঘটছে।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। যদিও আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ উল্লেখ রয়েছে, তবে অব্যাহতির ধরন স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ বলা হয়েছে। সেনা আইনের এই ধারা বলে কোর্ট মার্শাল ছাড়াই সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করার ক্ষমতা রাখে।
বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা ছিলেন। সর্বশেষ তিনি সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। অন্যদিকে, তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।
দম্পতি বরখাস্তের খবরের পাশাপাশি রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীতে একযোগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ৪টি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের মতো গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন ৩ জন এবং নতুন দায়িত্ব পেয়েছেন ৭ জন মেজর জেনারেল।
নতুন দায়িত্ব পেলেন যারা:
মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক থেকে বদলি হয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মেজর জেনারেল তৌহিদুল আহমেদ: ১১ পদাতিক ডিভিশনের জিওসি থেকে পদায়ন হয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান: বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট থেকে বদলি হয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।
মেজর জেনারেল মো. সাজেদুর রহমান: জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) থেকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান: ৭ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি থেকে ৫৫ পদাতিক ডিভিশনের নতুন দায়িত্ব পেয়েছেন।
মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ: ৫৫ ও ১৯ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসিদের রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পদোন্নতি পেয়ে যারা জিওসি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে:
ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি: মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি হয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইন: পদোন্নতি পেয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল রাজু: সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পদোন্নতি পেয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) পদে নিয়োগ পেয়েছেন।
বিশ্লেষকদের মতে, সামরিক শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার অংশ হিসেবেই এই জোড়া বরখাস্ত ও ধারাবাহিক রদবদলকে দেখা হচ্ছে।

