কেসিসি নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেল শনাক্ত

0
কেসিসি নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেল শনাক্ত

খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নগর ভবনের সামনের সড়ক থেকে ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে মারে। তবে ঘটনাস্থলে দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক কেসিসি নগর ভবনের সামনের সড়কে এসে অবস্থান নেয়। মুহূর্তের মধ্যেই তারা ভবনের প্রবেশপথের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। বোমাটি সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে আশপাশে কাগজ, কাঠ বা অন্য কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই তা নিজে থেকেই নিভে যায়।

খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, “পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেবল সিঁড়ির কিছু অংশে কালো দাগ পড়েছে।”

হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে জানিয়ে ওসি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। জড়িত দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত করে তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বা নাশকতামূলক তৎপরতা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার তথ্য পুলিশের কাছে ছিল না। তবে নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং নগর ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।