
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই সহিংসতায় টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখাসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংক শাখার সামনে জড়ো হয়ে প্রথমে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হামলাকারীরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যাংকের সাইনবোর্ডসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।
এর আগে বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, মিছিল চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী পুলিশ সদস্য মোসলেম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
অন্যদিকে, বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়, পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বসতবাড়ি এবং বিএনপি সমর্থকদের বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধারাবাহিক এই নাশকতা ও সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
