সদরদফতরের মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ; অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে টহল
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও দাঙ্গা-হাঙ্গামা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি তদারকি ও তাৎক্ষণিক সমন্বয়ের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্যের পোশাকে ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। এছাড়া আকাশপথ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন প্রযুক্তি এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি (লাইভ) ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদরদফতরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বক্ষণিকভাবে এসব ফুটেজ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন। স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা নিয়মিত টহল পরিচালনা করছেন এবং জননিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব বিজিবি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে সর্বদা প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

