
নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার শহরতলীর দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়ক সংলগ্ন ওই বাজারে এই তাণ্ডব চালানো হয়। আকস্মিক এই হামলায় পুরো বাজার ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে দুটি হায়েস মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারে চড়ে ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত বাজারে এসে অবস্থান নেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে পরপর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিকট শব্দে বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা অন্তত শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় মহাসড়ক দিয়ে চলাচলরত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে দত্তপাড়া বাজার জনশূন্য হয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট আতঙ্ক ছড়ানোর পর দুর্বৃত্তরা পুনরায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে গাড়ি নিয়ে বনপাড়ার দিকে পালিয়ে যায়।
এ ঘটনার পরপরই নাশকতা প্রতিরোধ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দত্তপাড়া বাজার ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, “খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এই ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, একই দিনে (রোববার) সকাল থেকে গোপালগঞ্জেও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ, হামলা-ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে এমন আকস্মিক নাশকতামূলক কর্মকাণ্ড ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
