নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ও নেতার বাড়িতে হামলা

0
নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ও নেতার বাড়িতে হামলা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় এক বিএনপি নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পাশের জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় প্রবেশ করেন। মিছিলকারীরা প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে অবস্থান নিয়ে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে তার বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর হামলাকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও তাণ্ডব চালানো হয়। সেখানে কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ের টিনের বেড়া ও চাল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “পরিকল্পিতভাবে নাজিরপুরের পৃথক দুটি স্থানে আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। দলের পক্ষ থেকে আলোচনা করে এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।