ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটা, ভেকু ও ড্রাম ট্রাক জব্দ

0
ঈশ্বরদীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটা, ভেকু ও ড্রাম ট্রাক জব্দ

ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কালীতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ। তবে ঘটনাস্থলে চালক না থাকায় তাৎক্ষণিকভাবে যানবাহন দুটি থানায় নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন, মো. আব্দুল লতিফ ও মো. আব্দুল আজিজসহ কয়েকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈশ্বরদীর এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাতিজা পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে আসছে। রবিবার রাতেও মাটি কাটার কাজ চলতে দেখে এলাকাবাসী সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

অভিযানে অংশ নেওয়া ঈশ্বরদী থানার এসআই মো. আব্দুল লতিফ জানান, জব্দ করা ভেকু ও ড্রাম ট্রাক বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তাঁরা। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ৯৯৯ নম্বরে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যানবাহনের চালকদের নিয়ে পালিয়ে যায়। ভেকু ও ড্রাম ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।