নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান; অনলাইন পোর্টাল নিবন্ধনে হচ্ছে কমিটি
বাংলাদেশ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সাংবাদিকদের নির্ভয়ে ও খোলামনে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা রাষ্ট্রীয় কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। তিনি বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তাই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন, এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরবেন।’
বিগত শাসনামলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সাংবাদিক হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে যে ভীতির সংস্কৃতি তৈরি করেছিল, তা থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার কোনো ধরনের নিয়ন্ত্রণমূলক নীতিতে বিশ্বাস করে না।
২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী জানান, ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এসব সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপনের বিধিনিষেধ মেনে চলার জন্য তিনি গণমাধ্যমকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় পাঠক বিভ্রান্ত হতে পারেন—এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনার শিরোনামে দেশ বা স্থানের নাম স্পষ্ট না থাকায় পাঠকরা তা বাংলাদেশের ঘটনা ভেবে আতঙ্কিত হন। এ ধরনের বিভ্রান্তি এড়াতে শিরোনাম ও সংবাদে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করার তাগিদ দেন তিনি।
অনলাইন গণমাধ্যমের নিবন্ধন ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোকে কীভাবে একটি সুশৃঙ্খল নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেট ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, পোর্টালের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজীকরণ এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অর্জিত রাজস্বের ন্যায্য অংশ প্রাপ্তিসহ বেশ কিছু দাবি-দাওয়া সংবলিত একটি লিখিত প্রস্তাবনা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন। প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও রাজনীতিডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ এবং প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ। এছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক সভায় অংশ নিয়ে অনলাইন গণমাধ্যমের বর্তমান সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

