পাঁচ ধাপে ৪ হাজার ২৮৮ ইউপিতে ভোট: প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

0
2026পাঁচ ধাপে ৪ হাজার ২৮৮ ইউপিতে ভোট: প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ-11-16_145504

বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ পাবে ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা; মেয়াদোত্তীর্ণ ও আইনি জটিলতায় আটকে থাকা ইউপি সমন্বয় হবে শেষ ধাপে

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের তৃণমূল পর্যায়ে পাঁচটি ধাপে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের মোট ৪ হাজার ২৮৮টি ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট নেওয়া হবে, যা আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমিশনের ১৩তম সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ কোন ধাপে কতটি উপজেলা ও ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার একটি বিস্তারিত খসড়া পরিসংখ্যান তুলে ধরেন।

প্রথম ধাপ ১৩১টি ১,০২৬টি, দ্বিতীয় ধাপ ১২৯টি ১,১০০টি ,তৃতীয় ধাপ ১১৮টি ১,০১৩টি, চতুর্থ ধাপ ৯৩টি ৭৯৩টি , পঞ্চম ধাপ ৩৭টি ৩৫৬টি

পঞ্চম ও শেষ ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখার কারণ ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, সীমানা জটিলতা, মামলা কিংবা অন্যান্য আইনি কারণে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্ধারিত সময়ে আটকে যেতে পারে, সেগুলো যেন পরবর্তী সময়ে সমন্বয় করে ভোট নেওয়া যায়—সেই সুযোগ রাখতেই পঞ্চম ধাপে সংখ্যাটি কম রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ধাপভিত্তিক নির্দিষ্ট ইউনিয়নগুলোর তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা ও সময়সূচি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, আগামী ২১ জানুয়ারি থেকে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিধি অনুযায়ী, জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ জেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে ‘প্লাস-মাইনাস ৫০ দিনের’ (আগে বা পরের ৫০ দিন) মধ্যে প্রথম ধাপের এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন। উল্লেখ্য, মে মাসের শেষ নাগাদ পুরো ইউপি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ইসির।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলগুলোর মতামত নেওয়া হবে। চলতি নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মূলত স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার কৌশল নিয়েই দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।