গোপালগঞ্জে অস্ত্রধারী ও হামলাকারীদের ছাড় নয়, কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ডা. জাহেদ উর রহমান

0
গোপালগঞ্জে অস্ত্রধারী ও হামলাকারীদের ছাড় নয়, কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবি ও ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে এবং তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন। দেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকায় মিছিল, সমাবেশ বা সভা আয়োজন সম্পূর্ণ বেআইনি। সেখানে নৃশংসতা, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় গতকাল থেকেই এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। এসব কর্মকাণ্ড গুরুতর ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকার মোটেও উদ্বিগ্ন নয় জানিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না এবং সারা দেশেও বড় কোনো বিশৃঙ্খলা তৈরির সুযোগ নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বলপ্রয়োগের আইনি অধিকার থাকলেও তা যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে, সরকার তার পুনরাবৃত্তি চায় না; বরং আনুপাতিক বলপ্রয়োগ ও সর্বনিম্ন হতাহতের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়াই সরকারের কৌশল। গোপালগঞ্জের প্রথম দিনের সহিংসতার পর সরকার যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, সমালোচকরাও তার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং এর আগে গুলশানের ঘটনায় পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে তিনি জানান, কোথাও দায়িত্ব পালনে ব্যর্থতা বা ঘাটতি দেখা গেলে প্রশাসনিক গতিশীলতা আনতে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক পুলিশ সুপারের গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নজরদারির কৌশল প্রকাশ করা সম্ভব নয়। দীর্ঘদিন একটি দল ক্ষমতায় থাকায় প্রজাতন্ত্রের অনেক কর্মচারীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা থাকতে পারে, সেটি বড় সমস্যা নয়। তবে বর্তমানে দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন বা আনুগত্য দেখান, তা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ব্যবস্থা নেওয়ার নিজস্ব সক্ষমতা সরকারের রয়েছে।

গোপালগঞ্জ প্রসঙ্গ ছাড়াও আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, চুক্তির পরবর্তী রূপরেখা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন পর্যন্ত সে ধরনের কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই; দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।