উত্তাল শিল্পাঞ্চল: মিরপুর-সাভার-গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

0
 উত্তাল শিল্পাঞ্চল: মিরপুর-সাভার-গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাংলাদেশ প্রতিবেদকঃ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে বেশ কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। অবরোধের ফলে রাজধানীর মিরপুরসহ ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকেই মিরপুরের পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে। অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও এক হাজারেরও বেশি শ্রমিক মিছিল নিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, আলোচনার মাধ্যমে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শ্রমিকরা যেন কোনো ধরনের ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় এলাকা অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য ওই এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকাও অবরোধ করে রাখেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারায় রয়েছেন।