জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অডিটোরিয়ামে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘শিল্প সেক্টরের উৎপাদনশীলতা উন্নয়ন: এনপিও’র বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেনের সভাপতিত্বে করমচালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিও’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ নায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রোকসানা বেগম এবং রংপুর উইমেন চেম্বারের প্রসিডেন্ট শাহনাজ পারভীন উইমেন চেম্বার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের পরিচালক গুলশান আরা ইয়াসমিন, পরিচালক শারমিন সুলতানা, পরিচালক জাহানারা পান্না, পরিচালক শারমীন আক্তার শিমুল, পরিচালক স্মৃতি বেগম ও সদস্য রাখী সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে শিল্প ও ব্যবসা খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এলডিসি-উত্তর বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, এআই (AI), অটোমেশন ও ইন্ডাস্ট্রি ৪.০-এর সাথে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় তৈরি পোশাক শিল্পের (RMG) ভবিষ্যৎ সুরক্ষা, দেশের সকল ব্যবসাকে যুগোপযোগী করতে এনপিও’র মাধ্যমে সব সেক্টরে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, তরুণদের মাঝে নতুন উদ্যোক্তা তৈরি এবং রংপুরের সম্ভাবনাময় কৃষি প্রক্রিয়াজাতকরণ, এসএমই ও ঐতিহ্যবাহী শতরঞ্জি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়াও জেলা পর্যায়ে ‘এসএমই উৎপাদনশীলতা ক্লিনিক’ চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

