গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অতর্কিত হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী থানা ঘেরাও করে এই তাণ্ডব চালিয়েছেন। এ সময় থানা প্রাঙ্গণে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই হামলার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার পরও থানা চত্বরে হামলাকারীদের অবস্থান ও ভাঙচুর চলছিল।
স্থানীয় একাধিক সূত্রের দাবি অনুযায়ী, গত ১০ ও ১৫ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পুলিশি হেফাজতে থাকা সেই গ্রেপ্তার ব্যক্তিদের জোরপূর্বক ছিনিয়ে নিতেই মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার প্রধান ফটক ঘেরাও করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
তবে হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় এবং তাদের তীব্র ধাওয়ার মুখে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানা প্রাঙ্গণে পার্ক করে রাখা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে সেগুলো দাউদাউ করে জ্বলতে থাকে।
এই হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও জেলার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সংবাদমাধ্যমের ফোন রিসিভ করেননি।
এদিকে, থানায় হামলার ঘটনার পর থেকে পুরো টুঙ্গিপাড়া উপজেলাজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

