
বাংলাদেশ প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে দলটি, যার বিস্তারিত রূপরেখা আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশ করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাহী পরিষদের বৈঠক থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে সব রাজনৈতিক দল ও জনতাকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী জনতা এবং সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করুন এবং এই ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে আপনারা ময়দানে আসুন ও কর্মসূচি পালন করুন।”
সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে সেক্রেটারি জেনারেল বর্তমান সরকারের কর্মকাণ্ডেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াত আমিরের ভাষায়, ফ্যাসিবাদ হচ্ছে একটি ভাইরাসের মতো।
বর্তমানে সরকারের দিকে তাকালে দেখা যাচ্ছে, ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য যত ধরনের আলামত এবং চরিত্র দরকার—তার সবই তাদের মধ্যে ফুটে উঠছে।
তবে যেকোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট টানাপোড়েন এবং চলমান সংসদ অধিবেশনের সমাপনী দিনের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার সরকারকে সতর্ক করেন।
তিনি বলেন, রাষ্ট্রগঠনের মতো এত বড় একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি যদি রাষ্ট্র বা সরকার ভঙ্গ করে, তবে তার আর কোনো ক্ষতিপূরণ হয় না।
আজ (বুধবার) জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিন; যেখানে সমাপনী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। গোটা দেশবাসী আজ সংসদের দিকে তাকিয়ে আছে। জামায়াত প্রত্যাশা করে, ‘জুলাই সনদ’ নিয়ে সৃষ্ট সংঘাত রাজপথে ঠেলে না দিয়ে প্রধানমন্ত্রী যেন আজ পার্লামেন্ট থেকেই এর শান্তিপূর্ণ সমাধানের একটি স্পষ্ট বার্তা দেন।
