বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: সংসদকে প্রধানমন্ত্রী

0
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: সংসদকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ধারার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের নানা অর্থনৈতিক সংস্কার ও কার্যকর পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা এ তথ্য জানান।

রিজার্ভের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, “২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। সেখান থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।”

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে গতিশীলতা, রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং আমদানি ব্যয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার ফলেই গত দুই বছরে রিজার্ভে ১০ বিলিয়ন ডলারেরও বেশি যুক্ত হয়েছে, যা দেশের আমদানি দায় মেটানো ও মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কার্যসূচি অনুযায়ী দিনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংক্ষিপ্ত এই অধিবেশন আজ বুধবার রাতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাপনী বক্তব্য এবং রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।