এস এম শফিকুল ইসলামঃ কৃষকের ঘরে নতুন ধান, বাড়িতে এসেছে মেয়ে-জামাই, বিয়াই-বিয়ান ও আত্মীয়স্বজন।পিঠা-পায়েস আর নানা রকম খাবারের আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলায় উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। এ উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা। স্থানীয়রা যাকে জামাই মেলা নামেও ডাকে। বড় বড় দেশি মাছ কেনার ধুম আর জামাই-মেয়েদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ হরেক রকমের মাছ। সারি সারি দোকান। চলছে হাঁকডাক, দরদাম। এক কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের মাছ। লোকজনও উৎসাহ নিয়ে দেখছেন, কেউবা কিনছেন।

বুধবার ভোর থেকেই ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে মেলায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। অগ্রহায়ণ মাসের ৩য় দিন নবান্ন উপলক্ষে প্রতিবছর বসে এ মেলা। ভোর ৪টা থেকে দিনব্যাপী চলে মাছ কেনাবেচা। জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবে প্রতি বছর এখানে মাছের মেলা বসে। মেলায় অংশ নেয় উপজেলার মাত্রাই, হাতিয়র, মাদারপুর, হাটশর, হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম, পাঁচগ্রামসহ ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ। এই উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত দেয়া হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মেলায় আসে। মেলায় বিশালাকৃতির একটি মাছ মাথার ওপর তুলে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন মাছ বিক্রেতারা। মেলায় সর্বোচ্চ ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায় এবং ২০ কেজি ওজনের একটি রুই মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। ৩০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিগ্রেড ও সিলভার কার্প মাছ বেশি বিক্রি হয়েছে। রুই ও কাতলা মাছ বিক্রি হয়েছে ৪০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন বাঙালি জীবন থেকে উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। এ রকম উৎসবে অংশ নিতে পারলে ব্যস্ততম জীবনে কিছুটা প্রশান্তি আসে। মেলাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতা ও দর্শকদের মিলনমেলা ঘটে থাকে।
নাটোর থেকে আসা জামাই আব্দুল মতিন বলেন, নবান্ন উৎসব উপলক্ষে শ্বশুরবাড়ির দাওয়াতে এসে মেলা থেকে ১৬ কেজির একটি কাতলা মাছ কেনেন। তিনি বলেন, ‘জামাইদের জন্যই এই মেলা, তাই মাছ কেনা লাগে। দাম একটু বেশি, তবুও উৎসবের আনন্দটাই আলাদা।’
কালাই উপজেলার মহেশপুর গ্রামের অসিত চন্দ্র বর্মণ জানান, প্রতি বছর মেলা উপলক্ষে বাড়িতে ভরপুর আয়োজন করতে হয়। তিনি ২৬ হাজার টাকায় ১৪ কেজির একটি কাতলা এবং ১৮ কেজির একটি সিলভার কার্প কিনেছেন।
মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বড় মাছের দাম কেজিপ্রতি ৭০০ টাকা থেকে দেড় হাজার টাকা এবং বাঘাআইর ও চিতল মাছ ১,৩০০ টাকা থেকে ২,০০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়।
মাছের মেলার ইজারাদার আব্দুল লতিফ বলেন, ‘এই মেলা আয়োজন করতে হয় না, প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবেই বসে। এবারে মাছের আমদানি আগের বছরের চেয়ে বেশি।’ এবার মেলায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হবে বলে আশা করছেন তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, এবার মেলায় ছোট-বড় নানা প্রজাতির মাছ উঠেছে, যা চাষিদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। মেলায় অন্তত এক কোটি টাকার মাছ কেনাবেচা হবে। মৎস্য বিভাগ নিয়মিতভাবে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
জেলা মৎস কর্মকর্তা মাসুদ রানা বলেন, এ মেলায় বড় আকারের মাছ উঠে বলে জানালেন জেলা মৎস কর্মকর্তা।
শুধু মাছ কেনাবেচা নয়, পাঁচশিরার এই মেলা এখন গ্রামবাংলার ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও আত্মীয়তার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। নতুন ধানের ঘ্রাণ আর মাছের মেলাকে ঘিরে প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকে।

