গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুনরায় হামলার আতঙ্কে থানা ছাড়তে শুরু করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। নিরাপত্তা শঙ্কায় তাঁরা অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল গুছিয়ে গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, থানায় কর্মরত এবং বাইরে থেকে আসা অতিরিক্ত পুলিশ সদস্যরা তাঁদের ইউনিফর্ম, অস্ত্রশস্ত্র, সরকারি নথিপত্র ও ব্যক্তিগত ব্যাগপত্র নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা কম্পাউন্ড ত্যাগ করছেন। এ সময় গণমাধ্যমকর্মীরা তাঁদের গন্তব্য ও পরিস্থিতির বিষয়ে জানতে চাইলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক উপপরিদর্শক (এসআই) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ নভেম্বর জেলা সদর থেকে ব্যাটালিয়ন ও রিজার্ভ ফোর্সের (আরআরএফ) প্রায় ২০০ পুলিশ সদস্যকে টুঙ্গিপাড়ায় মোতায়েন করা হয়েছিল। তাঁরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন।
ওই কর্মকর্তা আরও বলেন, “মঙ্গলবার রাতের ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ সদস্যদের মধ্যে পুনরায় হামলার তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; নিরাপত্তাজনিত কারণে সবাই গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই উত্তেজনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। ওই সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা সংগঠিত হয়ে থানা ঘেরাও করেন।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হামলাকারীরা থানা থেকে গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে উত্তেজিত জনতার তোপের মুখে পুলিশ পিছু হটলে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে থানার ভেতরে থাকা পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়।

