গোপালগঞ্জে কর্মীদের জিম্মি করে আনসারের খাবার লুট, অতঃপর ‘ছাত্রলীগের মানবিক সহায়তা’ বলে অপপ্রচার

0
গোপালগঞ্জে কর্মীদের জিম্মি করে আনসারের খাবার লুট, অতঃপর ‘ছাত্রলীগের মানবিক সহায়তা’ বলে অপপ্রচার

বাংলাদেশ প্রতিবেদকঃ গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের জন্য নেওয়া খাবার পথেই ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। শুধু খাবার লুটই নয়, খাবার বহনকারী কর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সেই খাবার নিজেদের হেফাজতে নিয়ে ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানবিক সহায়তা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আনসার সদর দপ্তর সূত্র জানায়, গোপালগঞ্জ জেলা কারাগারের সার্বিক নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফরা দায়িত্বরত সদস্যদের জন্য খাবার নিয়ে কারাগারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত ওই কর্মীদের গতিরোধ করে জিম্মি করে ফেলে। কর্মীদের প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা সব খাবার ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা নিজেরাই ওই খাবার বহনের ভিডিও ধারণ করে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়।

এদিকে, ওই ঘটনার ধারণকৃত ভিডিওর সূত্র ধরে কয়েকটি গণমাধ্যমে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মূলত সরকারি কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে খাবার ছিনিয়ে নেওয়ার মতো একটি ফৌজদারি অপরাধকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) সুরক্ষায় বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে দায়িত্বরত সদস্যদের খাবার সরবরাহের মতো একটি স্বাভাবিক প্রশাসনিক বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।