মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে সোহাগ পরিবহনের ধাক্কা: ৬ পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

0
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে সোহাগ পরিবহনের ধাক্কা: ৬ পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে পুলিশের টহল গাড়িটি দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামমুখী সোহাগ এলিট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের টহল গাড়িটির পেছনে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় টহল গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কনস্টেবল শফিকসহ গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, “ভোরের এই দুর্ঘটনায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর কিছু সময় বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।