গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কান্দি ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে মো. আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তবে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে প্রায় তিন মাস আগেই তিনি দলের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের জানিয়েছিলেন যে, এই পদে থেকে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়।
গণমাধ্যমের সামনে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি তিন মাস আগেই দায়িত্ব ছাড়ার কথা দলীয় ফোরামে জানিয়েছিলাম। কিন্তু বিষয়টি এলাকার সাধারণ মানুষ ও স্থানীয়দের কাছে পরিষ্কার ছিল না। তাই সবার অবগতির জন্য আজ গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে, আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।”
পদত্যাগের পেছনে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা ভয়ভীতি কাজ করেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দেন। আবুল কালাম শেখ বলেন, “আমার ওপর কারও কোনো চাপ নেই, কোনো ধরনের ভয়ভীতিও নেই। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে পদত্যাগ করেছি। বর্তমান পরিস্থিতিতে এই দায়িত্বে থেকে সাংগঠনিক বা দলীয় কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ব্যক্তিগত সিদ্ধান্তেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ালাম।”
স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর এই আকস্মিক সংবাদ সম্মেলন ও পদত্যাগের ঘোষণা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

