জন্মদিনে শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, উপহার দিলেন ক্রীড়াসামগ্রী

0
জন্মদিনে শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, উপহার দিলেন ক্রীড়াসামগ্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ নিজের জন্মদিনে রাজধানীর বনানীতে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক ও আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন তিনি এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টিস্নাত দিনে নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় মেতে ওঠেন তিনি।

এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে তাদের পড়াশোনা ও ব্যক্তিগত খোঁজখবর নেন এবং কার কোন খেলা সবচেয়ে বেশি ভালো লাগে, তা জানতে চান।

আলাপচারিতার একপর্যায়ে উপস্থিত শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে নিজ হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকারপ্রধানকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর হাত থেকে উপহার গ্রহণ করে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। জন্মদিনের বিশেষ দিনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত মসজিদ প্রাঙ্গণে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা কেক কাটার কর্মসূচি না থাকলেও জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।