‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে?’: গোপালগঞ্জে সহিংসতা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে আইজিপি

0
‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে?’: গোপালগঞ্জে সহিংসতা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে আইজিপি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন রেখেছেন, জনগণের নিরাপত্তার জন্য নির্মিত থানা পুড়িয়ে দিলে পুলিশ বাহিনী কীভাবে কাজ করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি এসব কথা বলেন।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, “শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভালো রয়েছে। আমরা আশা করছি, সবার সহযোগিতায় ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

তবে সাম্প্রতিক সহিংসতায় থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে কঠোর ও আবেগঘন বার্তা দেন পুলিশপ্রধান। তিনি বলেন, “এই থানাগুলো আপনাদেরই জানমালের নিরাপত্তার জন্য। আপনারা যদি সেই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইনের শাসন না থাকে, আর আপনারা যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ একা কাজ করতে পারবে না। আপনারা যদি মনে করেন এখানে পুলিশের প্রয়োজন নেই, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করুন।”

ব্রিফিংকালে আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এর আগে শুক্রবার সকালে শীর্ষ এই কর্মকর্তারা গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। সফরের অংশ হিসেবে তাঁরা মুকসুদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত থানা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে তাঁরা গোপালগঞ্জ পুলিশ লাইনসে গিয়ে ফোর্সের মনোবল বাড়াতে দিকনির্দেশনা দেন।

প্রসঙ্গত, গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর ব্যাপক সহিংসতা, হামলা ও নাশকতার অভিযোগ ওঠে। ওই তাণ্ডবে দুটি থানা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়।

হামলাকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ছাড়া পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি এবং চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন দেওয়া হয়। পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার এবং টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টানা কয়েক দিনের অস্থিরতা ও থমথমে অবস্থার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও টহল জোরদারের ফলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের জনজীবন ও সার্বিক পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে।