পালিয়ে গিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: নড়াইলে নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে রিজভী

0
পালিয়ে গিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: নড়াইলে নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে রিজভী

সাইফুল ইসলামঃ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও পতিত ফ্যাসিবাদী শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতে আশ্রয় নিয়েও অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরানো হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, “মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে লড়াই-সংগ্রাম করেছে। এই দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয় এবং কোনো বোন যেন ভাইহারা না হয়— সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় কাজ করে যাচ্ছেন।”

শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “ভারতে পালিয়ে থেকেও তাদের অনুচরদের লেলিয়ে দিয়ে দেশে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সেই নির্মম ষড়যন্ত্রের শিকার হয়েছেন কালিয়ার নিবেদিতপ্রাণ নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম। কোনো অপরাধীই পার পাবে না, এসব হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।”

কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা। ওই হামলায় গুরুতর আহত হয়ে প্রাণ হারান কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়া খুনের এই ঘটনায় এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।