‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

0
‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রীকে মূল মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানসহ জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর যুগান্তকারী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, ঠিক একইভাবে ২০২৪ সালে বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি জাতির সামনে দুটি প্রধান দায়িত্বের কথা তুলে ধরেন, যেকোনো মূল্যে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। শহীদদের স্বপ্নের একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাসদস্যদের সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন। পরবর্তীতে ২১ নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে এই দিবসের সূচনা হয়।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্ত রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি; যার ফলশ্রুতিতে ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

বর্তমান বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সমন্বিত জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতিমধ্যে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ বলে তিনি উল্লেখ করেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে। এছাড়া যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড, সততা, শৃঙ্খলা ও জনগণের আস্থার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনকালে দেশে-বিদেশে শাহাদাতবরণকারী বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে সেনানিবাসের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। তিনি তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান।

সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা এবং ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।