খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

0
খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

হাবিবুর রহমানঃ খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে তাঁরা দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।

পোস্টে তাঁর দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। তখন বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীরা এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

আবুল কাশেম বলেন, “আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তারা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো।”

স্থানীয় প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন, ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জানা গেছে, ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পরিবারের সদস্যদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।