বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা; ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে আঘাত

0
বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা; ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে আঘাত

আন্তর্জাতিক ডেস্কঃ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং একটি বেসামরিক শিল্পকারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) চালানো এই হামলায় শিল্পকারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের জবাব দিতেই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন ধরে যায়। খবর পেয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে নিরাপত্তার স্বার্থে কারখানাটির সুনির্দিষ্ট অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন। উল্লেখ্য, সিত্রা দ্বীপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকারখানা রয়েছে, যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘বাপকো’-এর পরিচালিত একটি বৃহৎ তেল শোধনাগারও অন্যতম। তবে হামলার শিকার কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বাহরাইন সরকার।

সম্ভাব্য হামলার আশঙ্কায় ঘটনার আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জরুরি সতর্কবার্তা জারি করেছিল। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হলেও পরে নতুন করে আবারও সতর্কতা জারি করা হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের চালানো বেশ কয়েকটি আকাশপথের হামলা মাঝ আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ নিচে পড়ে দেশের বিভিন্ন স্থাপনার আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ হতাহত না হলেও, তেহরান দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। তেহরানের দাবি, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর অবস্থিত। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বাহরাইনে হামলার পাশাপাশি শনিবার ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে পৃথক হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, হামলায় একটি ট্যাংকারের পেছনের অংশে এবং অন্যটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। তবে এই ঘটনায় জাহাজের নাবিক বা ক্রুদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ বা গোষ্ঠী জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় আরব দেশগুলোর ওপরও। বাহরাইনের সামরিক ও শিল্প স্থাপনা এবং ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে সর্বশেষ এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরও ভয়াবহ রূপ দিয়েছে।