
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব বাণিজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল ওয়াশিংটন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ (স্ট্রাকচারাল এক্সেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি) মোকাবিলার যুক্তিতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) আনুষ্ঠানিকভাবে এই শুল্ক পরিকল্পনার কথা জানিয়েছে।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে। তবে পুরোনো শুল্ক কাঠামো, নিয়মিত শুল্ক এবং বিদ্যমান বাণিজ্য সমঝোতার জটিলতায় বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের চাপ ঠিক কতটা বাড়বে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে টানা আট মাস তদন্ত চালায় ওয়াশিংটন। সেই তদন্ত শেষে ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক বসানোর প্রস্তাব এসেছে।
যে ১৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে দেশগুল হল বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া ও ভিয়েতনাম,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়েকে নতুন এই শুল্ক প্রস্তাবের বাইরে রাখা হয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহ চেইনে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে বাজার ভারসাম্য নষ্ট করার অভিযোগকেই এই পদক্ষেপের মূল ভিত্তি হিসেবে দেখাচ্ছে ওয়াশিংটন।
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সর্বোচ্চ শুল্কসীমা প্রস্তাব করা হয়েছে।
চীন অতিরিক্ত ২০% (আগের শুল্কসহ মোট ৪০% পর্যন্ত) , ভিয়েতনাম সর্বোচ্চ ৩৫% (চুক্তি হলে ২০%), ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ড সর্বোচ্চ ২৫% পর্যন্ত
বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড*বাণিজ্য সমঝোতা অনুযায়ী সর্বোচ্চ সীমা ১৮% , ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ড সর্বোচ্চ ১৫% , সিঙ্গাপুর সর্বোচ্চ ১০%
ইউএসটিআর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতার আওতায় বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে।
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্যমতে, নতুন এই প্রস্তাবিত শুল্ক আগে থেকে কার্যকর থাকা নির্দিষ্ট কিছু শুল্কের ওপর বাড়তি চাপ হিসেবে যুক্ত হবে না।
শ্রম আইন সংশ্লিষ্ট শুল্ক: জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ বা ১২.৫ শতাংশ যে শুল্ক আরোপ করা হয়েছিল, নতুন শুল্ক তার ওপর বসবে না। এ ক্ষেত্রে প্রযোজ্য দুটি হারের মধ্যে যেটি বেশি, মার্কিন আমদানিকারকদের কেবল সেটিই পরিশোধ করতে হবে।
সেকশন ২৩২-এর আওতাধীন পণ্য: ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও নতুন এই হার যুক্ত হবে না।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর গত ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক যুক্ত হওয়ায় বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাক পণ্যে ২৫ শতাংশের বেশি শুল্ক গুনতে হচ্ছে।
রপ্তানিকারক ও বাণিজ্য বিশ্লেষকদের আশঙ্কা, নতুন ১৮ শতাংশের সীমা কার্যকর হলে এবং তা পুরোনো ও এমএফএন শুল্কের সঙ্গে কীভাবে সমন্বয় হয়—তার ওপরই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কতটা অটুট থাকবে।
