নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে কসবা সীমান্তে বিএনপির সতর্ক পাহারা

0
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে কসবা সীমান্তে বিএনপির সতর্ক পাহারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সতর্ক অবস্থান ও পাহারা বসিয়েছে উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা বিএনপির তত্ত্বাবধানে বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই নজরদারি কার্যক্রম শুরু করা হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অনুপ্রবেশ করতে পারেন—এমন খবরে এলাকায় তৎপরতা বাড়ানো হয়। বুধবার বিকেলে সীমান্ত এলাকা পরিদর্শন এবং স্থানীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থান কার্যক্রম সরেজমিনে তদারকি করতে কসবায় আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের জানান, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরের সব গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনোভাবেই এসব সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্যই আমাদের নেতাকর্মীরা সজাগ রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।”

বুধবার বিকেলে কসবা সীমান্ত এলাকা পরিদর্শনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও ইকলিল আযম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন।

কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া এবং সাবেক পৌর বিএনপি সভাপতি আশরাফ আলী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা শহিদুল খা ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।

সীমান্ত এলাকায় বিএনপির এই সতর্ক অবস্থানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে এবং যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ অনুপ্রবেশ রোধে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।